ইরানের জন্য সুখবর

ইরানের ফুটবল দলের ওপর ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, বিশ্বকাপ ম্যাচকে সামনে রেখে দলটিকে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় ও যাতায়াতের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরান দল ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। এর আগে নিয়ম ছিল ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রবেশের অনুমতি। যা দলটির প্রস্তুতিতে উল্লেখযোগ্য চাপ তৈরি করছিল।

জানা গেছে, ইরান দল দীর্ঘদিন মেক্সিকোতে অনুশীলন ক্যাম্প চালালেও প্রতিটি ম্যাচের আগে সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হতো এবং ম্যাচ শেষে আবার মেক্সিকোতে ফিরে যেতে হতো। এই যাতায়াত ব্যবস্থা তাদের রিকভারি ও ম্যাচ প্রস্তুতিতে প্রভাব ফেলেছে বলে অভিযোগ ওঠে। তবে নতুন নিয়মেও ম্যাচ শেষ হওয়ার দিনই দলকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

এদিকে ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই এই পরিস্থিতিকে ‘সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেছেন। অধিনায়ক মেহদি তারেমিও এটিকে ‘বিপর্যয়কর পরিস্থিতি’ বলে মন্তব্য করেন। ইরান এখন পর্যন্ত দুই ম্যাচে ড্র করেছে এবং মিসরের বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে জায়গা করে নিতে পারবে। আর ড্র হলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *