বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে তারেক রহমান

চীনের ডালিয়ান শহর থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং সফরকালে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ট্রেনে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। 

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসের’ বার্ষিক সম্মেলনে অংশ নেন তারেক রহমান ।

‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের গুরুত্বপূর্ণ এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও আরও উপস্থিত ছিলেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনটিতে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উচ্চপর্যায়ের অংশগ্রহণ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি একদিকে যেমন দেশে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে, অন্যদিকে তেমনি বিভিন্ন দেশের অর্থনৈতিক সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *