চলতি বছরের জুন মাসের প্রথম ২০ দিনে দেশে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। এর মধ্যে দেশের ৯টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স। এতে পাঁচটি বিদেশি ব্যাংক রয়েছে। আজ রোববার (২১ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জুনের প্রথম ২০ দিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৯টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, দুই বেসরকারি ব্যাংক ও পাঁচটি বিদেশি ব্যাংক। জুনের প্রথম ২০ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এছাড়া রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ব্যাংক আল ফালাহ্, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও উরি ব্যাংকে।
অপরদিকে জুনের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২১ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
জুনের এই প্রথম ২০ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৫ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার ডলার। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এসেছে। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৬২ লাখ ২০ হাজার ডলার এসেছে।