যুদ্ধে আটকা পড়লেন মুশফিকুর রহিম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ উড়োজাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এরইমধ্যে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিকুর রহিম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে মুশফিকুর রহিম জানান, আজ সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের EK 0806 ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণে মাঝপথ থেকেই ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয় এবং পুনরায় জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে।

মুশফিক তার পোস্টে আরও লিখেছেন, দুর্ভাগ্যবশত যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে এবং এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সাথে অবস্থান করছি।

‘মিস্টার ডিপেন্ডেবল’ লিখেছেন, কেবল সর্বশক্তিমান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সাথে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব। সবার দোয়া প্রার্থী।

এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশও মধ্যপ্রাচ্যে তাদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আজ শনিবার ইরানে ‘পূর্বপ্রস্তুতিমূলক’ ব্যাপক হামলা শুরু করে। এরইমধ্যে ইরানের দক্ষিণে একটি স্কুলে হামলায় কমপক্ষে ৫১ শিক্ষার্থী নিহত হয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *