ওয়ালটনের তৈরি মাদারবোর্ড রফতানি হচ্ছে যুক্তরাষ্ট্রে

দেশীয় কোম্পানি ওয়ালটনের তৈরি মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) রফতানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। এই মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ওয়ালটনের মাদারবোর্ড রফতানি বা শিপমেন্ট কার্যক্রম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম মঞ্জুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপিত্ততে ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, ওয়ালটনের রফতানি করা মাদারবোর্ড বা পিসিবিএ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন ব্যবস্থার সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন এই মাদারবোর্ডের আমদানিকারক।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশও যে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদন করা যায়, তা ওয়ালটন প্রমাণ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় ফ্রিজ, কম্প্রেসর, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মুঠোফোন, ফ্যান, কেব্‌লস, ভিআরএফ ও চিলার, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং লিফটসহ বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে। ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে ওয়ালটনের পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *