ইরানের পর এবার উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে নতুন করে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন, জি-৭ সম্মেলনের এক নৈশভোজে ট্রাম্প তাকে বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে এখন মনোযোগ দেওয়ার সময় এসেছে।
লি জে মিয়ং এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান ইস্যুতে সমঝোতার পর ওয়াশিংটন এখন পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির দিকে মনোযোগ বাড়াতে পারে।
তিনি আরও জানান, ট্রাম্প তাকে বলেছেন, উত্তর কোরিয়া ইস্যু এখন গুরুত্ব দিয়ে বিবেচনা করার সময় এসেছে, যা মার্কিন পররাষ্ট্রনীতিতে নতুন অগ্রাধিকারের ইঙ্গিত হতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না এবং রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের সামরিক সহযোগিতা দেশটিকে আরও শক্তিশালী করছে।
উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, কারণ ১৯৫০–৫৩ সালের যুদ্ধের পর কোনো শান্তিচুক্তি হয়নি। দুই দেশের মধ্যে এখনো ডিমিলিটারাইজড জোন রয়েছে।
২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। বর্তমানে দেশটির কাছে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।
বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠতা এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তিন দফা বৈঠক করেছিলেন, তবে পারমাণবিক নিরস্ত্রীকরণে কোনো অগ্রগতি হয়নি।
এসএন/কে