মুন্সীগঞ্জে দখল-দূষণে হারিয়ে যাওয়া নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবছরে পুরোনো নয়নের খাল পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার বিনোদপুর এলাকায় খাল পরিদর্শনে আসেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, নয়নের খালসহ মুন্সীগঞ্জের সকল খাল খনন কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। তাৎক্ষণিকভাবে নয়নের খাল উদ্ধারে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে এবং সংসদ সদস্য রতন সাহেবের মাধ্যমে জানতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরিভাবে খনন করা প্রয়োজন। কারণ এখানে অনেক ময়লা, দুর্গন্ধ, এবং এক সময় এই খালে বড় বড় নৌযান চলতো। তখন একটা প্রাণবন্ত খাল ছিল। যেখানে অনেক অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুনঃখনন সংস্কার চলবে। অবৈধ উচ্ছেদও চলবে। আজ থেকেই চলবে এটি।

মীর শাহে আলম বলেন, এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি। সংসদ সদস্যের পরামর্শে খালের দুই পাশে রিটেইনিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায় এবং সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে।

প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম. জেলা পরিষদের প্রশাসক একেএক ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *