আর্জেন্টিনার জয়ে বাজিতে হেরে ন্যাড়া হলেন ব্রাজিল সমর্থক

ভোলার লালমোহন উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা বাজিতে হেরে আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন হৃদয় হাসান নামে এক ব্রাজিল সমর্থক। আজ বুধবার (১৭ জুন) উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ঘটনাটি ঘটে।

আর্জেন্টিনা দলের ম্যাচ শুরুর আগে হৃদয় হাসান নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করে ঘোষণা দেন, ‘আর্জেন্টিনা জিতলে আমি মাথা ন্যাড়া করে ফেলব।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে তার এই ঘোষণাকে ফুটবলপ্রেমীদের আবেগ ও সমর্থনের বহির্প্রকাশ হিসেবে দেখেন।

এরপর ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয়লাভ করলে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন হৃদয় হাসান। তিনি তার বাসার নিচেই সবার সামনে মাথার চুল ফেলে ন্যাড়া হন। সেই দৃশ্যও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

হৃদয় হাসান এনটিভি অনলাইনেকে বলেন, ‘আমি ব্রাজিলের সমর্থক। আবেগের বশে চ্যালেঞ্জ দিয়েছিলাম। আর্জেন্টিনা জিতে যাওয়ায় কথা রাখতে মাথা ন্যাড়া করেছি।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রতিশ্রুতি রক্ষার জন্য হৃদয় হাসানের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এটিকে ফুটবল সমর্থকদের মজার প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে উল্লেখ করেছেন।

ফুটবলপ্রেমীদের মধ্যে ঘটনাটি এখন বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিজের দেওয়া কথা রাখায় হৃদয় হাসান স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *