নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ (১৫) ও এ কে স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র কায়েস ভুইয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর আজ বুধবার (১৭ জুন) বিকেলে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
মেরাজ হোসেন রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে এবং কায়েস ভুইয়া রাজধানীর ধনিয়া এলাকার ফারুক ভুইয়ার ছেলে।
শিক্ষার্থীরা জানায়, আজ দুপুর ২টায় রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের তিনজন ও বর্ণমালা স্কুলের চার শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে একত্রিত হয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় প্রথমে দুজন পানিতে তলিয়ে যায়, পরে তাদের উদ্ধার করে মেরাজ ও কায়েস পানিতে নামলে তারা দুজনও নদীর পানির স্রোতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চার ঘণ্টা পর প্রথমে মেরাজ হোসেন ও পরে কায়েস ভুইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানায়, স্কুল ফাঁকি দিয়ে কাউকে না জানিয়ে মেঘনা নদীতে তারা ঘুরতে এসেছিল। এরপর খবর পেয়ে তারা ঘটনাস্থলে এলে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়। তারা এসে মেঘনা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। শিক্ষার্থীরা কেউ সাঁতার জানত না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পেয়ে আমরা দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করি। চার ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিসের ডুবুরিদল মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।