আমরাই সবচেয়ে বিখ্যাত ‘কাপল’, মোদিকে জর্জিয়া মেলোনি

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের ব্যস্ত কূটনৈতিক আলোচনার মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত কথোপকথন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ওই কথোপকথনে মোদিকে কাছে পেয়ে মেলোনিকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত কাপল’। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে মঙ্গলবার (১৬ জুন) জি-৭ জোটের নেতারা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ, ইউক্রেনের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন। তবে এসব আলোচনার মাঝেও নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত আলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কেড়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রুপ ছবির জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর আগে মোদি ও মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানান এবং করমর্দন করেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। ভিডিওর শব্দ স্পষ্ট না হলেও মনে হয়েছে, মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলেছিলেন। এর জবাবে মেলোনি বলেন, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।’

বিশ্বমঞ্চে এই দুই নেতার এমন হালকা মেজাজের আলাপ অবশ্য নতুন কিছু নয়। মাত্র এক মাস আগেই রোম সফরের সময় মেলোনিকে এক প্যাকেট ভারতের জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ চকলেট উপহার দিয়ে চমকে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। ইন্টারনেট দুনিয়ার ‘মেলোডি’ ট্রেন্ডকে মাথায় রেখেই যে মোদীর এই ‘মিষ্টি’ কূটনীতি, তা আর বলার অপেক্ষা রাখে না।

উপহারের সেই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মেলোনি লিখেছিলেন, উপহারের জন্য ধন্যবাদ। ভিডিওতে দেখা যায়, চকলেটের প্যাকেট হাতে দুই নেতাই হেসেই খুন। মেলোনিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদী আমার জন্য দারুণ এক উপহার এনেছেন। পাশ থেকে মোদি হাসিমুখে যোগ করেন, মেলোডি!

২০২৩ সালের একটি দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদি এবং মেলোনির নাম মিলিয়ে রসাত্মকভাবে এই শব্দের জন্ম দেয় নেটিজেনরা। এরপর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তাদের মধ্যকার আন্তরিক ও স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলো নিয়ে তৈরি মিম ও ভিডিও কোটি কোটি ভিউ পেতে শুরু করে।

বিষয়টি বেশ উপভোগ করেন মেলোনি নিজেও। ২০২৪ সালে মোদীর সাথে একটি সেলফি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, হাই ফ্রেন্ডস, ফ্রম #মেলোডি। এমনকি ২০২৫ সালের জি-৭ সম্মেলনের একটি সেলফি ভিডিওতেও তিনি ক্যাপশন দিয়েছিলেন, হ্যালো, ফ্রম দ্য মেলোডি টিম। এবারের ফ্রান্সের আসরও সেই চেনা রসায়নের ব্যতিক্রম হলো না।

তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মোদি-মেলোনির এই রসায়ন কেবলই ক্যামেরার সামনের কোনো চমক বা ‘ফটো অপোর্চুনিটি’ নয়; বরং এটি দুই দেশের গভীর পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। বর্তমানে ভারতের অন্যতম প্রধান বৈশ্বিক অংশীদার হয়ে উঠেছে ইতালি।

বিশেষ করে ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর’-এর বাস্তবায়নে রোমকে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে দেখছে নয়াদিল্লি। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৬.৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গত মাসেও পাঁচ দেশ সফরের শেষাংশে ইতালিতে মেলোনির আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেন মোদি।

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে ইতালি ক্রমশ গুরুত্ব পাচ্ছে। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) বাস্তবায়নে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এ প্রকল্পে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রোম।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত মাসে পাঁচ দেশ সফরের শেষ পর্বে রোমে গিয়ে মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন মোদি। সেখানে তারা ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন এবং নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *