তালবাহানায় আটকে আছে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ

রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নিয়মিত নির্বাচন নিয়ে নানা তালবাহানা ও কালক্ষেপণের অভিযোগ উঠেছে। একটি চক্র গভর্নিং বডির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করছে বলে দাবি করছেন সাধারণ অভিভাবক ও সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে নিয়মিত কমিটি না থাকায় প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে বলে তাদের অভিযোগ।

অভিভাবকদের অভিযোগ, বর্তমান অ্যাডহক কমিটি কিংবা অন্তর্বর্তী কর্তৃপক্ষ নির্বাচন দেওয়ার বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে। তফসিল ঘোষণার ক্ষেত্রে বারবার আইনি জটিলতার অজুহাত দেওয়া হচ্ছে। এদিকে সাধারণ অভিভাবকেরা অভিযোগ করেছেন ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ধীরগতি নীতি অবলম্বন করা হচ্ছে; যাতে বর্তমান মেয়াদ আরও দীর্ঘায়িত করা যায়।

প্রতিষ্ঠানটির মতিঝিল, বনশ্রী ও মুগদা তিনটি শাখার সাধারণ অভিভাবকদের মধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উজ্জ্বল সরকার নামে একজন অভিভাবক জানান, আমরা চাই আমাদের সন্তানদের স্কুলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সৎ এবং যোগ্য অভিভাবক প্রতিনিধিরা আসুক। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন না দিয়ে ব্যাকডোর দিয়ে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

আরেক অভিভাবক আরিফ খন্দকার বলেন, বিদ্যালয়ের পরিচালনা ও উন্নয়নের স্বার্থে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হোক। নির্বাচন এড়িয়ে কোনো গোষ্ঠী যদি নিজেদের স্বার্থে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা করে, তাহলে তা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর হবে।

নাজনিন আক্তার নামে একজন অভিভাবক বলেন, স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অভিভাবকদের মতামত প্রতিফলিত হওয়া উচিত। এজন্য নির্বাচনের বিকল্প নেই। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করবে এবং কোনো পক্ষ যেন অস্বচ্ছ উপায়ে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, প্রতিবারই নির্বাচনের সময় ঘনিয়ে এলে কোনো না কোনো পক্ষ থেকে আদালতে রিট বা শিক্ষা বোর্ডে অভিযোগ দায়ের করা হয়। অনেকেই মনে করছেন, এই রিট বা অভিযোগগুলো নির্বাচনের প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখার একটি সুকৌশলী চাল।

এ বিষয়ে বক্তব্য নিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রৌশন জাহানের সাক্ষাৎ চেয়েও পাওয়া যায়নি। পরে তার ফোনে একাধিকবার কল এবং ক্ষুদে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি।

বিদ্যালয়টির অভিভাবক সদস্য ও সাবেক শিক্ষার্থীরা মনে করেন, আইডিয়াল স্কুলের মতো একটি মেগা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মান ধরে রাখতে একটি নির্বাচিত এবং জবাবদিহিমূলক গভর্নিং বডি থাকা অপরিহার্য।

তাই অনতিবিলম্বে তালবাহানা বন্ধ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের জোর দাবি জানান সাধারণ অভিভাবকেরা।

এ বিষয়ে জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এস এম জহরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন হবে। ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল করার কাজ চলছে এবং শিক্ষা বোর্ডের নির্দেশনা পেলেই দ্রুত তফসিল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *