যুবদলনেতা মাসুদুল হত্যায় মামলা, সিসিটিভিতে শনাক্ত ৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে যুবদলনেতা মাসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের দুদিন পর অবশেষে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) রাতে নিহতের ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে এই মামলাটি করেন।

মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ৫ জন আসামিকে সরাসরি শনাক্ত করা হয়েছে। এজাহারে সিসিটিভিতে শনাক্ত হওয়া ওই ৫ জন এবং ঘটনার পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকের মিয়াসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গত শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে হত্যা করা হয়। দুর্বৃত্তদের ছোঁড়া গুলি তার মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মাসুদুল হক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের প্রয়াত আবদুল খালেকের ছেলে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত প্রায় সকল আসামিকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। সিসিটিভি ফুটেজে চিহ্নিত ব্যক্তি ও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *