মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মশিক)। আজ সোমবার (১৫ জুন) দুপুরে মশিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন নিজে উপস্থিত থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে কোনো দলিল বা সিটি করপোরেশনের বৈধ কাগজপত্র না থাকায় এসব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান মশিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

অভিযান পরিচালনাকালে সিটি করপোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, পরিবহণ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ রাজিব উল আহসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হকসহ অন্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মশিক প্রশাসক বলেন, আমরা বাসস্ট্যান্ডের ভেতরে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে দেখেছি প্রচুর অবৈধ স্থাপনা রয়েছে। যেগুলোর মশিকের কোনো কাগজপত্র বা বৈধ দলিল নেই—সেগুলোর উচ্ছেদ অভিযান শুরু করেছি এবং এটি চলবে।

মশিক প্রশাসক আরও বলেন, অনেকের কাছে কাগজ চাওয়া হয়েছে এজন্য তাদের সময়ও দেওয়া হয়েছে। যাদের দোকান খোলা আছে তাদের ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে আর যাদের কাগজ নেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনেও এই স্ট্যান্ডের ভেতরে বাস এবং খাবারের দোকান ছাড়া আর কোনো স্থাপনা রাখা হবে না। বাস এবং খাবারের দোকান ছাড়া যেগুলো সিটি করপোরেশন থেকে ভাড়া বা লিজ নেওয়া হয়েছে সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। কারণ বাসস্ট্যান্ডে বাস রাখার জন্য প্রচুর পরিমাণ জায়গা দরকার, যাতে বাসগুলো কোনোরকমভাবে রাস্তায় না দাঁড়ায়। কোথাও কোনো অবৈধ স্থাপনা থাকবে না—এটাই আমাদের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *