স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বেড়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকায়।  

আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা। 

গতকাল রোববার (১৪ জুন) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৮৩ হাজার ১২৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে গত শনিবার (১৩ জুন) স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ভরি প্রতি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। সেই হিসেবে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১২ হাজার ৭২ টাকা।

এর আগে ঈদের পর থেকে চার দফায় ১৯ হাজার ৭৭১ টাকা কমানো হয় স্বর্ণের দাম। গত ১১ জুন ভরিতে কমানো হয় ৪ হাজার ৪৩২ টাকা, ১০ জুন কমানো হয় ৬ হাজার ৫৯১ টাকা, ৬ জুন কমানো হয় ৫ হাজার ৪৮২ টাকা এবং ২ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *