শেষের নাটকীয়তায় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল আইভরি কোস্ট

প্রথমার্ধের ম্যাড়ম্যাড়ে ভাব কাটিয়ে দ্বিতীয়ার্ধে কিছুটা গতি ফিরল ম্যাচে। আক্রমণ-প্রতিআক্রমণ হলো ঠিকই, কিন্তু জাল খুঁজে পাচ্ছিল না কোনো দল। ড্রয়ের পথেই এগুচ্ছিল ম্যাচ। শেষ মুহূর্তে গোল করে সব হিসাব-নিকাশ বদলে দিল আইভরি কোস্ট। ইকুয়েডরকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করল তারা।

আজ সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইকুয়েডর আর আইভরি কোস্ট। ‘ই’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়েছে আইভরি কোস্ট।

ম্যাচে বল দখলের লড়াই কিংবা গোলের জন্য শট— দুটোতেই কাছাকাছি ছিল দুই দল। যদিও বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল ইকুয়েডর। ৫৭ শতাংশ বল দখলে রেখে গোলের ১১টি শট নিয়েছে তারা। যার মোটে একটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে, ৪২ শতাংশ বল দখলে রেখে গোলের ১৫টি শট নেয় আইভরি কোস্ট। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি।

ম্যাচে সবচেয়ে ভালো সুযোগ তৈরি করে ইকুয়েডর। ২২তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ একটি শট নিয়েছিল ইকুয়েডরের একজন। কিন্তু বল ফিরে আসে গোলবারে লেগে।

এর ৭ মিনিট পর আবারও একই ভাগ্য তাড়া করে ইকুয়েডরকে। বক্সের ভেতর থেকে নেওয়া শট ফিরে আসে গোলবারে লেগে। এর বাইরে দুই দলই আর তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণের গতি বাড়ায় দুই দল। তবে সোনার হরিণ গোল পাওয়া হচ্ছিল না কোনো দলেরই। ফলে ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথেই।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সব হিসাব-নিকাশ বদলে দেয় আইভরি কোস্টের আমাদ দিয়ালো। উইলফ্রিড সিঙ্গোর কাছ থেকে পাওয়া বল দারুণভাবে জালে জড়িয়ে দেন তিনি। উল্লাসে মেতে পুরো দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *