স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা : কারাগারে মাহিন

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যা মামলার আসামি আল আমিন মাহিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১৪ জুন)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামি মাহিনকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও  প্রসিকিউশন বিভাগের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, গত ১০ জুন ঢাকার সিএমএম আদালতে আসামি মাহিনের চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এদিন মামলার আরেক আসামি রিয়াজুল হাসানের পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। পরবর্তী ১১ জুন রমনা মডেল থানার যুবদলের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে লুৎফর রহমান পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম এবং ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের টিমপ্রধান ইশতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেন রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে সালিশের কথা বলে বিল্লাল হোসেন তালুকদারকে মৌচাকের আনারকলি মার্কেট সংলগ্ন এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় প্রথমে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *