২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নের বাইপাস মোড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল-নূর সালেহীন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারি উদ্যোগের পাশাপাশি জেলা শহরের নারী প্রগতি সংঘ, স্বাবলম্বী উন্নয়ন সংস্থা, ব্র্যাকসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের অংশগ্রহণে চল্লিশা বাইপাস মোড়, বিভিন্ন সড়ক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। একই সাথে জেলার প্রতিটি উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনকালে প্রধান অতিথি অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *