নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ জুন) রাতে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. আলমের দুই ছেলে আসিফ ও আরিফ। এ ঘটনায় আহত শাওন একই বাড়ির মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তিন আরোহী নিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।