দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে : মন্ত্রী

অর্থ  ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে। খারাপ অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য ট্যাক্স বাড়ানো, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি করতে হবে। চট্টগ্রাম মহানগরীর বা নৌ জা উল্কা মেরিন ড্রাইভের পাশে হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শনকালে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার, তাই করা হবে। দেশি-বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরি হবে না। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছি। স্বাস্থ্য, শিক্ষায়ও পরিবর্তন আনতে হবে। তবে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান।

মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে। এজন্য কর ব্যবস্থাকে আরও কার্যকর ও সম্প্রসারিত করার বিকল্প নেই। তবে কর বৃদ্ধি এমনভাবে করতে হবে যাতে উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব না পড়ে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চলে কোনো হাসপাতাল নেই। এখানে জেনারেল একইসাথে একটি বিশেষায়িত হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, টেকনোলজি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এ অঞ্চলের মানুষের দাবি ছিল হাসপাতাল করার। তাই তাড়াতাড়ি এখানে হাসপাতাল গড়ে তোলা হবে।

মেরিন ড্রাইভের পাশে হাসপাতাল নির্মাণের জন্য মন্ত্রী একাধিক সম্ভাব্য জায়গা পরিদর্শনকালে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *