ফুটবল বিশ্বকাপ মানেই পুরো বাংলাদেশে উন্মাদনার ঝড়। চারদিকে রঙের মেলা, পতাকার লড়াই আর চায়ের কাপে তুমুল তর্ক-বিতর্ক। এই ফুটবল জোয়ারে সাধারণ দর্শকদের পাশাপাশি মেতে ওঠেন শোবিজ অঙ্গনের তারকারাও। বিশেষ করে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের তারকা ভক্তের সংখ্যা এ দেশে কম নয়। এবার সেই লাখো ভক্তের ভিড়ে নিজের ভেতরের খাঁটি ‘ব্রাজিলিয়ান আবেগ’ প্রকাশ করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নিজের ছেলেবেলার সোনালী স্মৃতি রোমন্থন করেছেন এই অভিনেত্রী। বুবলী তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল… আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’
পোস্টটিতে বুবলী মূলত সেই সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন, যখন ব্রাজিলের হলুদ জার্সি গায়ে মাঠ কাঁপাতেন রোনালদো নাজারিও, কাকা, রবিনহো কিংবা ফুটবল জাদুকর রোনালদিনহোর মতো কিংবদন্তিরা। শৈশবের সেই প্রিয় তারকাদের খেলা দেখে যারা বড় হয়েছেন, বুবলীর এই স্ট্যাটাস যেন তাদের সবার মনের কথাই বলে দিলো। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে প্রিয় দলের প্রতি এই নিঃশর্ত ভালোবাসাই প্রমাণ করে, ব্রাজিলের ফুটবল এ দেশের মানুষের হৃদয়ে কতটা গভীরে মিশে আছে।
প্রিয় নায়িকার এমন নস্টালজিক পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকেরাও। কমেন্ট বক্সে অনেকেই বুবলীর সাথে সুর মিলিয়ে লিখেছেন দল যেমনই খেলুক, সেলেসাওদের প্রতি ভালোবাসা আজীবন অক্ষুণ্ন থাকবে। ফুটবল বিশ্বকাপের এই জমজমাট আমেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলীর এই পোস্ট বেশ ভালোই সাড়া ফেলেছে।