স্কুলে সহপাঠীর ধাক্কায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাদারীপুরে স্কুল চলাকালীন সময় দুষ্টুমি করতে গিয়ে সহপাঠীর ধাক্কায় আহত হয়ে তনয় পাল (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) ভোরে ঢাকার পপুলার হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও শিক্ষকরা জানায়, ক্লাস চলাকালে সহপাঠীদের সঙ্গে মাথার ক্যাপ নিয়ে দুষ্টুমিতে মেতেছিল তনয়। একপর্যায়ে সহপাঠীর ধাক্কায় মেঝেতে পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করলে একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ বিকেলে মাদারীপুর শহরের কুলপদ্বি চৌরাস্তা এলাকায় নিয়ে আসা হবে তনয় পালের মরদেহ।

সে ওই এলাকার তপন কুমার পালের ছেলে এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার পুরো বিষয়টি বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে দেখা যায়, সহপাঠীদের সঙ্গে খেলার ছলে ক্যাপ নিয়ে টানাটানির সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় তনয়।

এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্কুলে সহপাঠীদের সাথে দুষ্টুমি করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন ছাত্র মারা গেছে। এ বিষয়ে পরিবার থেকে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *