প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি : মাহাবুব কারাগারে

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরি হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মাহাবুব হাসান (৩৪) নামের একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (১২ জুন) মাহাবুবকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৫ জুন মামলায় গ্রেপ্তার রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামের (৩২) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত। রিমান্ড শেষে বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।

গত ২২ মে থেকে ১ জুন পর্যন্ত যেকোনো সময় সচিবালয়ের পুরাতন ভবনের ১, ২ ও ৩ নম্বর ভবনের ছাদ থেকে বিটিসিএল-এর ১০০/০.৪ জোড়ার কপার ক্যাবল, আনুমানিক ১১০ মিটার, যার বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকার তার চুরি হয়। তার চুরির ঘটনায় ৪ জুন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *