প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে প্রাণ দিতে হলো এক তরুণ ব্রাজিল সমর্থককে। মানিকগঞ্জ
সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে ফয়সাল হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে দুর্ঘটনাটি ঘটে।
ফয়সাল হোসেন স্থানীয় বাসিন্দা মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। এলাকায় তিনি একজন প্রাণবন্ত ও ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে ঘিরে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে বিকেলে একটি আমগাছে উঠে পতাকা টানানোর কাজ করছিলেন ফয়সাল। এ সময়
অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। তীব্র ঝাঁকুনিতে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ফয়সালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রিয় দলের পতাকা উড়ানোর স্বপ্ন নিয়েই ঘর থেকে বের হওয়া তরুণটির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।