বাগেরহাটে ইউনিয়ন কৃষক দলের সভাপতিকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের ফকিরহাটে বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবদুল্লাহ মন্ডল।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিয়তির মাঠের কাছে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা বলেন, ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। আহত আব্দুল্লাহ মন্ডলকে ফকিরহাট হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

বাদল মোড়ল সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আব্দুল্লাহ মোড়ল একই এলাকার নুর ইসলাম মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়তির মাঠ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। নিহতের মরদেহ বর্তমানে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় দুজনকে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচনের পর ওই এলাকায় দফায় দফায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা এই হত্যার মতো ঘটনা ঘটিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে  পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *