টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

চলতি বছর অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বাংলাদেশের মেয়েরা অংশ নেবে নারী বিপিএলে। বিপিএলের পর বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিগার-নাহিদাদের সঙ্গে খেলবে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস।

চলতি বছরের জুন-জুলাইয়ে ইংল্যন্ডে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ইংল্যান্ডের মত স্কটল্যান্ডের কন্ডিশন একই হওয়ায় বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টুর্নামেন্ট প্রস্তুতির সেরা মঞ্চ হবে বাংলাদেশের জন্য, এমনটিই মনে করছে বিসিবি।

বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পায় বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রায় প্রতিটি প্রতিপক্ষই বড় নাম। বাংলার মেয়েদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের সঙ্গে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন এজবাস্টনে, নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *