বাগেরহাটের রামপালের ফয়লা হাটে মরা গরুর পচা মাংস বিক্রির অপরাধে দুই মাংস বিক্রেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মরা গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করা হচ্ছে- স্থানীয়দের দেওয়া এমন সংবাদের ভিত্তিতে আজ রোববার (৭ জুন) সকালে ফয়লা হাটে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।
জেল-জরিমানাপ্রাপ্তরা হলেন- রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ (৪৫) ও বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার বাসিন্দা ইয়ামিন হাওলাদার (৩০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হারুন ও ইয়ামিন সকালে বিক্রির জন্য যে গরুটি এনেছিলেন, সেটি বাজারের পাশেই অসুস্থ হয়ে মারা যায়। গরুটির মৃত্যুর পর তারা পাশের একটি বাড়ি থেকে দা এনে মরা গরুটি জবাই করে এবং তড়িঘড়ি করে চামড়া ছাড়িয়ে মাংস বিক্রির জন্য বাজারে তোলে। মাংস বিক্রির একপর্যায়ে তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ক্রেতা ও স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ জনতা মাংস বিক্রেতাদের আটকে রেখে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, ফয়লা হাটে মরা গরুর পচা মাংস বিক্রি হচ্ছে- এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করি। ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় এবং ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই অপরাধীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে উভয়কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।