স্বস্তি ফিরল স্বর্ণের বাজারে, আজ ভরি কত?

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার (৫ জুন) দেশের বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারেও কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। এখন বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ মিলছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। এর আগে গত মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন : বছর শেষে ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে স্বর্ণের দাম

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) তিন হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে স্বর্ণের এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, বাজারে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়, যা আগে ছিল দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা থেকে কমিয়ে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বর্তমান দাম দাঁড়িয়েছে এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকায়, যার পূর্ববর্তী দাম ছিল এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বলবৎ থাকবে। তবে ক্রেতাদের অবগতির জন্য জানানো হয়েছে যে, এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত যুক্ত হবে। গহনার নকশা ও গুণগত মানভেদে এই মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলেও সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *