মেক্সিকোতে সহিংসতায় বিশ্বকাপ আয়োজন নিয়ে যা বললেন ফিফা সভাপতি

মেক্সিকোতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চলতি বছর জুনে বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। তবে, আশ্বস্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে তিনি আশাবাদী। খবর এএফপির।ইনফান্তিনো বলেন, ‘আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।’ এবারই প্রথম সহিংসতার পর কথা বলেছেন তিনি ।

দুদিন আগে সেনাবাহিনীর হাতে মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর কার্টেল চক্রের সদস্যরা তান্ডব চালায়, যার প্রভাব পড়ে মেক্সিকোর গুয়াডালাজারা শহরে। বিশ্বকাপে মেক্সিকোর স্বাগতিক শহর এটি।

শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) নেতা নিহত হওয়ার পর গোটা মেক্সিকোতে সহিংতা বাড়ে। বিশেষ করে গুয়াডালাজারা সহিংসতায় কেঁপে ওঠে। শহরের কাছে একটি খামারে তাকে ধরার অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন।

কার্টেলের বন্দুকধারীরা দেশের ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এই অরাজকতা ও সহিংসতার ছবি বিশ্বজুড়ে প্রচারিত হয়। এ নিয়ে প্রথমে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ফিফা। আজ কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে এএফপির সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন ইনফান্তিনো।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের জন্য কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা জানান।

জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় বিশ্বকাপের গ্রুপ পর্বেও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডের উরুগুয়ে বনাম স্পেনের ম্যাচও রয়েছে। এছাড়া, গুয়াডালাজারা ও মন্টেরেতে যৌথভাবে মার্চের শেষে বিশ্বকাপের প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠেয় বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো একটি, অন্য দুটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *