‘মার্কিন বিমানঘাঁটিতে’ ক্ষেপণাস্ত্র হামলা আইআরজিসির

ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের চালানো আজ ভোরবেলার হামলার জবাব দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মার্কিন বাহিনীর ওই আক্রমণের পর পাল্টা পদক্ষেপ হিসেবে একটি ‘মার্কিন বিমানঘাঁটিতে’ হামলা চালানোর দাবি করেছে তারা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে, স্থানীয় সময় আজ ভোর ৪টা ৫০ মিনিটে তারা এই পাল্টা হামলা চালায়।

আইআরজিসির পক্ষ থেকে ওই বিমানঘাঁটিটিকে মার্কিন ‘আগ্রাসনের’ মূল উৎস হিসেবে চিহ্নিত করা হলেও, সামরিক কৌশলগত কারণে ঘাঁটিটির সুনির্দিষ্ট অবস্থান বা নাম প্রকাশ করা হয়নি।

বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার খবর আসার ঠিক পরপরই ইরানের পক্ষ থেকে এই পাল্টা আক্রমণের ঘোষণা দেওয়া হলো।

বিবৃতিতে আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের ওপর যেকোনো ধরনের ‘আগ্রাসনের জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না।’ সেইসঙ্গে তারা বলেছে, ওয়াশিংটনের পক্ষ থেকে পরবর্তীতে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার ‘আরও কঠোর’ জবাব দেবে তেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *