পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

পূর্ব শত্রুতার জেরে মাসুম হোসেন (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটের জিরো পয়েন্ট (নওগাঁ-জয়পুরহাট জেলার সীমান্তবর্তী) এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত মাসুম হোসেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মিলন হোসেনের ছেলে। 

জানা গেছে, প্রতিপক্ষের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মাসুম হোসেনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে তিলকপুর হাটের জিরো পয়েন্ট এলাকায় মাসুম হোসেনের সঙ্গে প্রতিপক্ষের কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।

তিলকপুর ইউনিয়নের ইউপি সদস্য ইয়াছিন আলী (নান্নু) বলেন, জমিজমা নিয়ে মাঝেমধ্যেই দুপক্ষের মধ্যে ঝগড়া হতো। শেষ পর্যন্ত আজ রাতে যা হত্যায় রূপ নেয়। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এ অন্যায়কে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। অন্যায় যেই করুক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার হলেও নিহত ও হামলাকারীর বাড়ি নওগাঁ সদর উপজেলায়। নিহতের মরদেহ নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে। আজ (বুধবার) ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এ বিষয়ে জয়পুরহাটের আক্কেলপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, নিহত মাসুম হোসেনের বাবা মিলন হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন

হত্যাকাণ্ডের পরপর পুলিশ রাতে অভিযান চালিয়েছে। অভিযান অব্যাহত আছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *