ইরানে মার্কিন হামলার পর কমলো স্বর্ণের দাম, তেলের বাজারে আগুন

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। তেলের এই মূল্যবৃদ্ধি বিশ্ববাজারে মূল্যস্ফীতি এবং দীর্ঘমেয়াদে উচ্চ সুদের হারের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের বাজারে; মঙ্গলবার (২৬ মে) বিশ্ববাজারে সোনার দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জিএমটি সময় সকাল ৭টা ৩৭ মিনিট পর্যন্ত স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৪ দশমিক ৭৩ ডলারে। তবে জুনে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫২৫ দশমিক ৩০ ডলার।  

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ১২ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৫ দশমিক ১৬ ডলারে। এছাড়া প্যালাডিয়ামের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ, যা প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ দশমিক ৩৫ ডলার।

এদিকে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার চুক্তি এখনও কোনও সমাধান না আসায় মঙ্গলবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের আগাম দাম ২ শতাংশ বেড়েছে।

দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ‘আত্মরক্ষামূলক’ হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ‘কয়েক দিন সময় লাগতে পারে’। তবে তার এই মন্তব্য সংঘাত দ্রুত অবসান হওয়ার আশাকে নস্যাৎ করে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *