মেট্রোরেল ও ট্রেনের টিকিটে যেভাবে ২৫ শতাংশ ছাড় পাবেন প্রবীণ-প্রতিবন্ধীরা

৬৫ বছর বা তার বেশি বয়সী বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা এখন থেকে মেট্রোরেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। তবে এই ছাড় পেতে হলে বয়স্ক ব্যক্তিদের নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখাতে হবে। এই ছাড়ের সুবিধাটি তাঁরা একা ভ্রমণের ক্ষেত্রে পাবেন।

আজ সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে তিনি মেট্রোরেলে যাতায়াতে এ ছাড়ের ঘোষণা দেন। এ ছাড়া পবিত্র ঈদুল আজহার পর মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানান তিনি।

ঈদযাত্রায় নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আজ থেকে একটি বিশেষ কোচ সংরক্ষিত থাকবে বলেও জানান মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, দীর্ঘদিনের দাবির পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, একই সুবিধা শিক্ষার্থীদের জন্যও চালুর পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের পদ্ধতি নির্ধারণে কিছু সময় লাগছে। ঈদের পর শিক্ষার্থীদের জন্যও একই ধরনের ছাড় কার্যকর করতে কর্তৃপক্ষ কাজ করছে। ভাড়ায় রেয়াত–সুবিধা পেতে যাত্রীদের কয়েকটি শর্ত মেনে চলতে হবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুবিধা গ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলি প্রযোজ্য হবে—

১. এ সুবিধা শুধু একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২. জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে যাত্রীর তথ্য, আঙুলের ছাপ এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট সফটওয়্যার বা অ্যাপে সংরক্ষণ করা হবে।

৩. নিবন্ধন সম্পন্ন হলে যাত্রীকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। একই সঙ্গে নিবন্ধিত মুঠোফোন নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হবে।

৪. প্রতিবার একজন যাত্রী একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ একটি রেয়াতকৃত টিকিট কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *