ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারেরচর এলাকায় গৃহবধূ বকুল বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও একজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আজাদ নামের এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গতকাল রোববার (২৪ মে) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতে এই রায় ঘোষণা করেন ভোলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন।
আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের শিকদারেরচর ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ বকুল বেগম। ওই রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। হামলার সময় বকুল বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তার বড় বোন মুকুল বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলায় দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন পর হলেও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।