পার্বত্যমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউননের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দপ্তরে রোববার (২৪ মে) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, আইএলওর সিনিয়র প্রোগ্রাম অফিসার এ এন এম তানজেল আহসান এবং এলেক্সিয়াস চিকাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পার্বত্যমন্ত্রী বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আইএলওর প্রস্তাবিত কার্যক্রম পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য তিন জেলা পরিষদ পুনর্গঠন করা হলে আইএলওর জনকল্যাণমূলক কার্যক্রমগুলো জেলা পরিষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও গতিশীলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। অতীতে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইএলও প্রতিনিধি দলকে ধন্যবাদ এবং ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের মানুষের দক্ষতা বৃদ্ধি, কৃষি উন্নয়ন ও জীবিকার সুরক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশা করি।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী পার্বত্য অঞ্চলে জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তোলা, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ, স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের সহায়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে বলে জানানো হয়।

এ সময় আইএলও প্রতিনিধি দল জাতীয় অগ্রাধিকার ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে পার্বত্য চট্টগ্রামে সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ও সমন্বয় আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *