ইরান চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে টানাপোড়েন

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য পারমাণবিক চুক্তির চূড়ান্ত পর্যায় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইসরাইলের নিরাপত্তা উদ্বেগ এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চুক্তির প্রক্রিয়া থেকে ইসরাইলকে কার্যত দূরে রাখা হয়েছে; এমন খবরের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

রোববার (২৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দৃঢ় ও স্থিতিশীল বলে দাবি করলেও দেশটির ভেতরে উদ্বেগ ও সন্দেহ বাড়ছে। ইসরাইলি কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত খসড়ায় তাদের মূল নিরাপত্তা দাবিগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

ইসরাইলি কর্মকর্তারা আলোচিত খসড়াটি দেখেছেন বলে জানা গেছে, তবে তারা এতে সন্তুষ্ট নন। কারণ এতে ইসরাইলের মূল উদ্বেগ, ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো এবং দেশটির পারমাণবিক প্রকল্প পুরোপুরি বন্ধ করার বিষয়টি যথাযথভাবে সমাধান করা হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইসরাইলের ভেতরে উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। তবে নেতানিয়াহু তার কর্মকর্তাদের প্রকাশ্যে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন, যাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কূটনৈতিকভাবে সংবেদনশীল অবস্থান বজায় রাখা যায়।

এদিকে ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর ভেতরে আশঙ্কা রয়েছে যে, এই চুক্তি লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে।

প্রতিবেদনে বলা হয়, যদিও ইসরাইলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ড থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছে না, তবুও তাদের কার্যক্রম পরিচালনার স্বাধীনতা সীমিত হয়ে যেতে পারে।

চুক্তির খসড়ায় সব ফ্রন্টে যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত আছে কি না; এ বিষয়ে এখনো স্পষ্টতা নেই। তবে বিশেষ করে ড্রোন হামলায় হতাহতের ঘটনার প্রেক্ষাপটে লেবানন নিয়ে ইসরাইলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলে জানায় আল জাজিরা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *