বিশ্বকাপে জিততে চান বাংলাদেশ অধিনায়ক

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসরে অংশ নিতে আজ রাতে ও পরশু সকালে দুই ভাগে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

দেশ ছাড়ার আগে আজ রোববার (২৪ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

বিশ্বমঞ্চে পারফর্ম করতে পারলে লাইমলাইটে আসা যায়। এতে ক্রিকেটারদের সুযোগও বাড়ে জানিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের জন্য বড় একটা সুযোগ। ক্রিকেটাররা খুব ইতিবাচক মানসিকতায় আছে। বিশ্বকাপে ভালো খেলতে পারলে তা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য ভালো হবে, ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও লাভবান হবে।’

এবারের বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দেশ রয়েছে বাংলাদেশের গ্রুপে। গ্রুপে তুলনামূলক সহজ দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পাকিস্তান। গ্রুপ পর্বে এই দুইটি ম্যাচসহ মোট তিনটি ম্যাচ জেতার লক্ষ্য বাংলাদেশের।

জ্যোতি বলেন, ‘আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ থাকবে, একটা হচ্ছে নেদারল্যান্ডস ও পাকিস্তান। দ্বিতীয়ত ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। শুরুটা যদি ভালো পাই, ছন্দ পেলে সেটা বাকি টুর্নামেন্টে সাহায্য করবে।’

জয়ের জন্য দলে এখন অনেক পারফরমারও রয়েছেন বলে জানালেন জ্যোতি। টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘দলের ভেতরে এখন অনেক পারফরমার যোগ হয়েছে, যেটা আগে ছিল না। আগে দুয়েকটা প্লেয়ারের ওপর অনেক নির্ভরশীল ছিল দল, কিন্তু এখন কিছু প্লেয়ার আছে যারা ভালো করছে। প্লেয়ারদের ভেতরে ক্ষুধাটা আছে যে আমরা আসলে বিশ্বকাপের মতো মঞ্চে ভালো খেলতে চাই না শুধু, আমরা ম্যাচ জিততে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *