ইরানের সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয়

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয়। তিনি বলেন, সংকট ও হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্যই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। খবর তাসনিম নিউজ এজেন্সির।

ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর প্রধানের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।  

পেজেশকিয়ান বলেন, ইরানে কোনো সিদ্ধান্তই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর বাইরে এবং ইসলামী বিপ্লবের নেতা মুজতবা খামেনির সমন্বয় ও অনুমতি ছাড়া নেওয়া হয় না।

তিনি আরও বলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন যেন সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কিছু না বলেন এবং এমন কোনো অবস্থান গ্রহণ না করেন, যা শাসন কাঠামোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বা শত্রুপক্ষের দ্বারা অপব্যবহৃত হতে পারে।

পেজেশকিয়ান জানান, বর্তমানে ইরানের প্রধান উদ্বেগ যুদ্ধ, ক্ষেপণাস্ত্র বা বোমাবর্ষণ নয়; বরং শান্তি, সংহতি ও সামাজিক ঐক্য বজায় রাখা। এছাড়া নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিভাজন ও মতবিরোধ সৃষ্টি এড়াতে তিনি অনেক বিষয় প্রকাশ্যে আনেন না। 

তিনি বলেন, জাতীয় ঐক্য বজায় রাখা সামরিক ও নিরাপত্তা ইস্যুর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংবেদনশীল সময়ে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করেছে জনগণ ও রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভের সংহতি ও পারস্পরিক সহমর্মিতা।

কূটনৈতিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে, ইরানের একটি ঐক্যবদ্ধ অবস্থান বিশ্বে তুলে ধরতে সব প্রতিষ্ঠান, প্ল্যাটফর্ম ও রাজনৈতিক ধারার উচিত সেটিকে সমর্থন করা বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *