নজরুল জন্মজয়ন্তীতে নতুন গান পেয়েছে দেশের সংগীতপ্রেমীরা। দীর্ঘ অপেক্ষার পর চতুর্থ আসর নিয়ে ফিরেছে কোক স্টুডিও বাংলা। নতুন আসরের প্রথম গান হিসেবে প্রকাশ পেয়েছে নজরুলসংগীত ‘রুম ঝুম’।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় গানটি প্রকাশ করা হয় কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে এসেছে গানটি।
‘রুম ঝুম’-এর সুরের শেকড় রয়েছে অটোমান-তুর্কি লোকসংগীতে। সেই সুরকেই একসময় বাংলা বর্ষার আবহে নতুন রূপ দিয়েছিলেন নজরুল। বহু প্রজন্ম ধরে গানটি গেয়ে এলেও এর দীর্ঘ সাংস্কৃতিক যাত্রার গল্প অনেকের কাছেই অজানা ছিল। নতুন আয়োজনে সেই ইতিহাসই আবারও তুলে ধরা হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও নুসরাত জাহান। সঙ্গে রয়েছেন তুরস্কের শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এই গানের মধ্য দিয়েই কোক স্টুডিও বাংলার মঞ্চে প্রথমবার হাজির হলেন মাহতিম। অন্যদিকে নুসরাত জাহানেরও এটি নতুন এক যাত্রা।
মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম’-এর অংশ হতে পারা আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। এই গান একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে।’
নুসরাত জাহান বলেন, ‘এই গানটি আমার কাছে খুবই ব্যক্তিগত। এমন একটি গানের মাধ্যমে পথচলা শুরু করতে পেরে আমি কৃতজ্ঞ।’
২০২২ সালে যাত্রা শুরুর পর থেকেই কোক স্টুডিও বাংলা সংগীতের সঙ্গে বিশ্বের নানা সংস্কৃতির সংযোগ তুলে ধরছে। চতুর্থ আসরেও সেই ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে।