পর্তুগালে এনসিপি নেতা আকতারের ওপর ডিম নিক্ষেপ-হামলা, ভিডিও ভাইরাল

পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার এই ভিডিওটি আজ শনিবার (২৩ মে) ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। কিন্তু ভিডিওটি কোন সময়ের, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে হামলার বিষয়ে আজ বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে আকতার হোসেন লিখেছেন, ‘আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।’

ভিডিওতে একটি পার্কের মধ্যে আকতার হোসেনকে দুজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এমন সময় হঠাৎ এক যুবক এসে তাঁর ওপর ডিম নিক্ষেপ করেন। পরে আরও দুই যুবক একই কাজ করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকরা আকতার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরে আকতার দৌড়ে ওই জায়গা থেকে সরে যান।

জানা গেছে, গত সপ্তাহে পর্তুগালে যান এনসিপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক মো. আকতার হোসেন।

তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত পর্তুগালের ছাত্রলীগ নেতাদেরও বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আজ শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাত দিয়ে একটা বিবৃতি সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেন। গতকাল তাঁর ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *