গোপনে বিয়ে করেছেন কঙ্গনা? ভাইরাল ভিডিওর নেপথ্য কী?

পরনে সালোয়ার স্যুট, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় জ্বলজ্বল করছে মঙ্গলসূত্র সম্প্রতি এমনই এক বিবাহিত নারীর লুকে ক্যামেরাবন্দি হয়েছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। আর এই ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল, তবে কি চুপিসারে বিয়েটা সেরেই ফেললেন এই অভিনেত্রী তথা সংসদ সদস্য? গত শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পাপারাজ্জিদের দেখেই বেশ তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যাচ্ছেন কঙ্গনা। এই ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ার পর তাঁর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। নেটিজেনদের একাংশের ধারণা, লোকচক্ষুর আড়ালে সাতপাকে বাঁধা পড়েছেন কঙ্গনা। এক ভক্ত তো তাঁর বিবাহিত জীবনের মঙ্গল কামনা করে লিখেই বসেন, “যেই হোক সেই ভাগ্যবান মানুষটি, আশা করি কঙ্গনার দাম্পত্য জীবন সুখের হবে।” তবে অন্য অংশ দাবি করেছিল, এটি হয়তো তাঁর আসন্ন সিনেমা ‘কুইন ২’-এর লুক।

বিয়ের এই তুমুল জল্পনার মাঝেই অবশেষে মুখ খুলেছেন স্বয়ং কঙ্গনা রানাউত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া সেই ছবি পোস্ট করে পুরো বিষয়টি খোলসা করেছেন তিনি। বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে কঙ্গনা জানান, তিনি প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং করছেন। কেউ হয়তো তাঁর মেকআপ লুকের ছবি তুলে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে আর এর পর থেকেই অনবরত বিয়ের অভিনন্দন জানিয়ে ফোন পাচ্ছেন তিনি। পুরো বিষয়টি নিয়ে মজা করে অভিনেত্রী আরও যোগ করেন, বিবাহিত মহিলার লুকে দেখলেই সেটা এমন কী বড় ব্যাপার?

কঙ্গনা রানাউত সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনোদিন চুপিসারে বা গোপনে বিয়ে করবেন না। যখনই করবেন, সবাইকে জানিয়েই করবেন। সেই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, শিল্পীরা কাজের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, তাই অযথা কাল্পনিক ভাবনাচিন্তা করা বৃথা। এই বার্তার মাধ্যমে কঙ্গনা তাঁর বিয়ের গুঞ্জনে জল ঢেলে দিলেন বটে, তবে তাঁর এই নতুন লুকটি কোন সিনেমার, তা জানার জন্য ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *