রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এই জঘন্য ঘটনাকে পুরো সমাজের বেদনা উল্লেখ করে অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শাকিব খান লেখেন, ‘একটি শিশুর আর্তনাদ শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বেদনা। এই ধরনের নৃশংস ঘটনা আমাদের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।’
সুপারস্টার শাকিব খান মনে করেন, এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া কোনোভাবেই দীর্ঘায়িত করা উচিত নয়। তিনি দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান, যাতে ভবিষ্যতের অপরাধীরা এ ধরনের অপরাধ করতে ভয় পায় এবং সমাজে একটি শক্ত বার্তা যায়।
আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দিয়ে তিনি তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, ‘বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের কষ্ট আরও বাড়ানো। এখনই আইনের কঠোর প্রয়োগ জরুরি, যাতে আর কোনো রামিসার সঙ্গে এমন নির্মম ঘটনা না ঘটে, আর কোনো পরিবারকে বলতে না হয় ‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নেই।’
পল্লবীর এই মর্মান্তিক ঘটনাটি ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের পাশাপাশি শাকিব খানের মতো শীর্ষ তারকার এমন সোচ্চার অবস্থান অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনকে আরও বেগবান করবে বলে মনে করছেন নেটিজেনরা।