চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আছে আর মাত্র ২০ দিন। ইতোমধ্যে বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গেছে প্রতিযোগী দেশগুলোতে। প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এর আগে ফিফার নিয়ম মেনে একের পর এক দল ঘোষণা করেছে প্রতিযোগী দেশগুলো।

সেই ধারাবাহিকতায় চমক দিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড। আজ শুক্রবার (২২ মে) ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল ‘ইংল্যান্ড অ্যাপ’ এর মাধ্যমে লাইভে এসে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন।

ইংল্যান্ডের বিশ্বকাপের দলে জায়গা হয়নি ফিল ফোডেন, কোল পালমার ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো সুপারস্টারদের। এর আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের বাদ পড়ার খবর নিশ্চিত করেছিলেন সেন্টার ব্যাক হ্যারি মাগুইরে।

ফোডেন-পালমারদের বাদ পড়া যদি চমক হয়, তবে নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মর্গ্যান গিবস-হোয়াইটের দলে না থাকাটা এক প্রকার বিস্ময়কর। ফরেস্টের হয়ে চলতি মৌসুমে যৌথভাবে ১৪টি গোল করে প্রিমিয়ার লিগের শীর্ষ ইংলিশ গোলদাতা ছিলেন তিনি।

চলতি মৌসুমে শীর্ষ লিগে সব মিলিয়ে ১৮টি গোলে অবদান রেখেছেন গিবস-হোয়াইট, যা ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডের যেকোনো মিডফিল্ডারের চেয়ে বেশি। এত কিছুর পরও বিশ্বকাপে জায়গা মেলেনি তার।

বাদ পড়াদের তালিকায় যেমন চমক আছে, তেমনি চমক আছে দলে ডাক পাওয়াদের তালিকায়ও। সেখানে বড় চমক স্ট্রাইকার ইভান টোনি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে গত এক বছর কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি।

টোনি সর্বশেষ সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাত্র কয়েক মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। অবশ্য এই ফুটবলারকে নেওয়া হয়েছে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্সের জন্য। সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির হয়ে চলতি মৌসুমে ৩২টি গোল করে কোচ থমাস টুখেলের নজর কেড়েছেন এই স্ট্রাইকার।

এদিকে, এবারের ইংলিশ স্কোয়াডে ফিল ফোডেন ও কোল পালমারের চেয়ে তরুণ মর্গ্যান রজার্স ও রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের ওপর বেশি ভরসা রেখেছেন কোচ। এ ছাড়া ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জন স্টোন্স বেশ কিছুদিন ধরে ফিটনেস সমস্যায় ভুগলেও ২৬ জনের দলে জায়গা পেয়েছেন তিনি।

বিশ্বকাপে ‘এল’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। আগামী ১৮ জুন শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশদের বিশ্বকাপ মিশন। এরপর ২৪ জুন ঘানা এবং ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার : জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন এবং জেমস ট্রাফোর্ড। 

ডিফেন্ডার : রিস জেমস, টিনো লিভরামেন্টো, মার্ক গুয়েহি, এজরি কনসা, জন স্টোন্স, জ্যারেল কোয়ানসাহ, নিকো ও’রাইলি, ড্যান বার্ন এবং দজেড স্পেন্স।

মিডফিল্ডার : ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, কোবি মাইনো এবং এবারিচি এজে।

ফরোয়ার্ড : হ্যারি কেন, ইভান টোনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড এবং অ্যান্থনি গর্ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *