বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ে শুক্রবার আলতা ও মেহেদী উৎসব

শিশুদের মাঝে বাংলার লোকায়ত সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে ঈদের ছুটির আগে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়।

আগামীকাল শুক্রবার (২২ মে) বাতিঘরের আয়োজনে বিদ্যালয়টি বেইলি রোড শাখায় (লিলি কটেজ, সুধীসমাজ গলি, সিদ্ধেশ্বরী) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘আলতা ও মেহেদী উৎসব-২০২৬’ এর আয়োজন করা হবে। উৎসবে নানা বয়সী শিশুরা অংশ নেবে। উৎসবে শিশুদের ছোট্ট হাত রাঙাবে মেহেদীর নকশায় এবং পায়ের পাতায় লাগানো হবে আলতার লাল ছোঁয়া।

আয়োজনের পরিকল্পনাকারী ও বাতিঘরের শিক্ষাকর্মী আমির হামজা জানান, উৎসবজুড়ে শিশুদের হাতে ও পায়ে আলতা ও মেহেদী পরানোর পাশাপাশি থাকবে শিশুদের অংশগ্রহণে নানা ধরনের ছোট ছোট দোকান। এসব দোকানে শিশুরা নিজেদের তৈরি বা পছন্দের বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি করবে। ফলে আনন্দের পাশাপাশি শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সামাজিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

এই আয়োজন নিয়ে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের পরিচালক মরিয়ম ইউসুফ বলেন, বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তিনির্ভর ব্যস্ততার বাইরে এনে বাংলা সংস্কৃতি, উৎসব ও পারস্পরিক সম্প্রীতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা আরও জানান, উৎসবটি শিশুদের জন্য হবে আনন্দ, রঙ ও ঐতিহ্যের মিলনমেলা। অনুষ্ঠানে শিশুদের নিয়ে অভিভাবকদেরও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *