নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে ও এক যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
নিহত তিনজন হলেন, রানীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), আমিনুর ফকিরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দাদা-নাতী। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ফকির ও তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় বেলা ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই দুইজনের মৃত্যু হয়।
এছাড়া বেলা ১১টার দিকে বৃষ্টি পড়ার সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহত আক্কাস ফকির ও তারেক এলাকার জ্যাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ দুই কৃষকের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এছাড়া, বিকেলে গুয়াতা গ্রামের মাঠ থেকে নয়ন তালুকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে তার পরিবার কাছে দেওয়া হয়েছে।
এদিকে, রানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারী ব্যক্তিদের সরকারিভাবে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের তহবিল থেকে নিহত আক্কাস ফকির, তারেক ফকির ও নয়ন তালুকদারের পরিবারকে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসানের মাধ্যমে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।