টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শিরোপা নিশ্চিত করতে ড্রই যথেষ্ট ছিল, তবে লুইস এনরিকের দল জয় দিয়েই উৎসব করেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বোলার্ট দেলেলিস স্টেডিয়ামে লেঁসকে ২-০ গোলে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের লিগ ওয়ানের টাইটেল নিজেদের করে নিয়েছে প্যারিসিয়ানরা।
এই জয়ে ৩৩ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৬। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেঁসের পয়েন্ট ৬৭। লিগে প্রতিটি দল খেলবে ৩৪টি করে ম্যাচ। শেষ ম্যাচে পিএসজি হারলেও আর লেঁস জিতলেও শীর্ষস্থান বদলাবে না। ফলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেছে পিএসজি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। প্রথম গোল আসে ২৯ মিনিটে। উসমান দেম্বেলের পাস থেকে গোল করেন খাবিচা কাভারেস্কেলিয়া। এরপর পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে রাখে সফরকারীরা। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম এমবায়ে। তার গোলে সহায়তা করেন দেজির দুয়ে।
এই শিরোপার মাধ্যমে ২০২১-২২ মৌসুম থেকে টানা পাঁচবার লিগ ওয়ান জয়ের কীর্তি গড়ল পিএসজি। সব মিলিয়ে ফরাসি লিগে এটি তাদের ১৪তম শিরোপা, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার শিরোপা জিতেছে সেন্ট-এতিয়েন।
এবার ট্রেবল জয়ের স্বপ্নও দেখছে পিএসজি। এরই মধ্যে ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগ ওয়ান জিতেছে তারা। এবার চোখ চ্যাম্পিয়নস লিগের শিরোপায়। আগামী ৩০ মে বুদাপেস্টে ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা।
গত মৌসুমে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল পিএসজি। এবার আর্সেনালকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হবে তারা।