মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, বিজিবির সঙ্গে কয়েকটি সভা করেছি, যাতে ভারত থেকে কোনো গরু আসতে না পারে। শুধু কোরবানির গরুই নয়, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা এখন জানেন কীভাবে গরু লালন-পালন করতে হয়। সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে। তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদিপশু রয়েছে। ভারত থেকে যাতে চোরাই পথে গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। এবার কোরবানির ঈদে পশু সংকট হবে না।
পরে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।