গাইবান্ধায় রেলওয়ের উচ্ছেদ অভিযান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে লালমনিরহাট জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে রেলওয়ের নির্ধারিত পার্কিং এলাকায় গড়ে ওঠা বেশ কয়েকটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পরবর্তীতে দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে বদিউজ্জামান দাবি করেন, প্রায় ১০ বছর ধরে লাইসেন্স নিয়ে এবং নিয়মিত খাজনা পরিশোধ করে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো আগাম নোটিশ ছাড়াই তার দোকানটি ভেঙে দেওয়া হয়েছে।

লালমনিরহাট জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা মুনরুর হোসেন জানান, রেলওয়ের পার্কিং এলাকার সৌন্দর্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গায় কোনো অবৈধ দখলদার রাখা হবে না এবং সরকারি সম্পত্তি রক্ষায় এই উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *