যুক্তরাষ্ট্রই বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে দেওয়া সবশেষ যুদ্ধবিরতি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার এক দিন পর সোমবার এক সংবাদ সম্মেলনে ইরান এই প্রতিক্রিয়া জানালো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং তাদের সামরিক ঘাঁটিগুলোই সহিংসতা ও দাদাগিরির চক্র তৈরির বড় উদাহরণ।

সংবাদ সম্মেলনে বাঘাই অভিযোগ করেন, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি জানাচ্ছে। বিপরীতে ইরানের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক বলে দাবি করেন তিনি। বাঘাই বলেন, ‘ইরান একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আমরা কোনও দাদাগিরি করছি না, বরং দাদাগিরির বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’

ইরানের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর একটি তালিকা তুলে ধরেন বাঘাই। যেগুলোর মধ্যে রয়েছে, যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রের অবরোধ ও দস্যুতা বন্ধ করা এবং বিভিন্ন ব্যাংকে অন্যায়ভাবে আটকে রাখা ইরানের সম্পদ ছেড়ে দেওয়া।

ইরানের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবকে উদার ও দায়িত্বশীল আখ্যা দিয়ে বাঘাই আরও বলেছেন, তাদের দাবির মধ্যে হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং লেবাননসহ পুরো অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, ইরান হরমুজ প্রণালি অবরোধ করার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়ে রেখেছে। এ ছাড়া লেবাননেও যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইরান। সেখানে কারিগরিভাবে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বর্তমানে তা অনেকটাই ভেঙে পড়েছে।

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ না পাঠানোর জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, ‘ইউরোপের দেশগুলোর এমন কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয় যা তাদের নিজেদের স্বার্থকেই ক্ষুণ্ণ করবে। এই যুদ্ধ শুধু অনৈতিকই নয়, বরং অবৈধও বটে।’

বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে। ইউরোপীয় দেশগুলোর উচিত হবে না এই ফাঁদে পা দেওয়া।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *