নারায়ণগঞ্জে পুলিশের লুট হওয়া শটগান, কার্তুজসহ যুবক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পুলিশের লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর এলাকায় তাকে আটক করা হয়। আজ রোববার (১০ মে) দুপুরে গণমাধ্যমে বিষয়টি জানায় র‌্যাবের মিডিয়া সেল।

আটক পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার জালাল মোল্লার ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালে খবর পায়, পলাশ হোসেন আকাশ জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপনে সরিয়ে রাখতে সস্তাপুর এলাকায় অবস্থান করছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করে একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *