পাবনার ভাঙ্গুড়া উপজেলায় রাসায়নিক ও জেলি মিশিয়ে কৃত্রিম উপায়ে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চক্রের দুই সদস্যকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল দুধ ও জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়। গতকাল শনিবার (৯ মে) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে শাহানগর এলাকার একটি অস্থায়ী কারখানায় হানা দিয়ে ভেজাল দুধ তৈরির সত্যতা পায় প্রশাসন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চক্রের মূল হোতা মো. সাকায়াত আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তার সহযোগী মো. সুমন আলীকে একই আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও মো. আরিফুজ্জামান জানান, কারখানাটি থেকে ৭৩ কেজি জেলি এবং প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয়। জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় রাতেই সব মালামাল মাটিতে পুঁতে ও নষ্ট করে ধ্বংস করা হয়।